Skip to content

খড়গপুর সদরে দিলীপ ঘোষের বড় জয়, ৩০,৫০৬ ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার!

অরিন্দম চক্রবর্তী : পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি ২০০-র বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে যায়। ৪ মে ২০২৬, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রদীপ সরকারকে ৩০,৫০৩ ভোটে পরাজিত করেন বিজেপির দিলীপ ঘোষ। দীর্ঘ প্রতীক্ষার পর রাত প্রায় নটার সময় জয়ের শংসাপত্র হাতে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি।

গেটের বাইরে স্ত্রী তাঁর গলায় জয়ের মালা পরিয়ে দেন।পথ চলতে চলতেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দিলীপ ঘোষ। খড়গপুরের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ভালোবাসা—এই সব বিষয়েই সংক্ষিপ্তভাবে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এরপর স্থানীয় বজরংবলী মন্দিরে প্রণাম করে বুলডোজারে চড়ে শহরবাসীদের অভিবাদন জানান।খড়গপুরের মানুষ তাঁকে ভালোবেসে শহরকে নতুনভাবে সাজানোর সুযোগ দিয়েছেন—এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৫১ সালে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিষ্ঠিত জনসংঘ এ বছর ৭৫ বছরে পদার্পণ করেছে, ফলে এই জয় বিশেষ তাৎপর্য বহন করে বলে উল্লেখ করেন তিনি। সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীকেও বিশেষভাবে কৃতজ্ঞতা জানান দিলীপ ঘোষ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে নতুন দিশা দেখাবে এবং খড়গপুরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে।

Latest