Skip to content

কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!

অভিজিৎ সাহা: মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা গাড়ি তাঁর গাড়িকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে যায়। আচমকাই গতি কমাতে বাধ্য হন চালক। সেই মুহূর্তে বাইকে আসা আততায়ীরা গাড়ির কাচে বন্দুক ঠেকিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। অভিযোগ, অন্তত ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চন্দ্রনাথ।
খুনের পর কীভাবে পালাল আততায়ীরা, তা জানতে এখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বুধবার দুপুর থেকেই দোলতলার সাহারা ব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহভাজনদের গাড়ি ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

পুলিশের অনুমান, চন্দ্রনাথের গতিবিধির উপর দীর্ঘদিন নজর রাখছিল দুষ্কৃতীরা। কখন তিনি বেরোন, কোন পথে যাতায়াত করেন—সব তথ্যই আগেভাগে জেনে রেখেছিল হামলাকারীরা।ঘটনাস্থল থেকে একটি সন্দেহজনক চারচাকা গাড়ি উদ্ধার হয়েছে। নম্বর প্লেট পরীক্ষা করে জানা যায়, গাড়িটি শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা জোসেফ উইলিয়মস নামে এক ব্যক্তির নামে রেজিস্টার্ড। তবে তদন্তকারীদের সন্দেহ, গাড়ির চেসিস নম্বর বিকৃত করা হয়েছে। অন্যদিকে, হামলায় ব্যবহৃত বাইকের কোনও নম্বর প্লেট ছিল না বলেই জানা গিয়েছে।উদ্ধার হওয়া কার্তুজ পরীক্ষা করে পুলিশের অনুমান, হামলায় অস্ট্রিয়ান গ্লক পিস্তল ব্যবহার করা হয়ে থাকতে পারে। যশোর রোড-সহ আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল। সুপারি কিলার ব্যবহার করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।বৃহস্পতিবার সকালে বারাসত হাসপাতালে পৌঁছন Suvendu Adhikari। সেখানেই চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শুভেন্দু বলেন, “তদন্ত প্রক্রিয়া চলছে। সন্দেহভাজন কয়েকজনকে ইতিমধ্যেই তুলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।”নতুন সরকার গঠনের আবহে এই হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল।

Latest