Skip to content

বিপুল জয়ে কৃতজ্ঞ সুকান্ত দোলুই, উন্নয়নের অঙ্গীকারে জোর—চন্দ্রকোনায় নতুন দিশার বার্তা!

সুমন মণ্ডল : চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে ৩৩,৪৮১ ভোটের ব্যবধানে জয়লাভের পর এলাকার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানালেন নবনির্বাচিত বিধায়ক সুকান্ত দোলুই। জয়ের পর প্রথম প্রতিক্রিয়াতেই তিনি স্পষ্ট করে দেন, এই সাফল্য কোনও ব্যক্তিগত অর্জন নয়, বরং চন্দ্রকোনার প্রতিটি মানুষের সম্মিলিত জয়ের প্রতিফলন।ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুকান্ত দোলুই বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই তিনি এলাকার সার্বিক উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়বেন। তাঁর কথায়, রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এই চারটি ক্ষেত্রই থাকবে তাঁর অগ্রাধিকারের শীর্ষে।

নবনির্বাচিত বিধায়ক আরও জানান, খুব শীঘ্রই উন্নয়নের প্রকল্পগুলির কাজ শুরু হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তা দ্রুত বাস্তবায়নের দিকে এগোনো হবে। একইসঙ্গে তিনি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।চন্দ্রকোনা আলু চাষের জন্য বিশেষভাবে পরিচিত হওয়ায় কৃষকদের স্বার্থ রক্ষাকেই নিজের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন তিনি। সুকান্ত দোলুই জানান, আলু চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজ্যের বাইরে রপ্তানির ব্যবস্থা করার দিকেও উদ্যোগ নেওয়া হবে।রাজনৈতিক পালাবদলের আবহে চন্দ্রকোনায় উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তাই দিলেন নবনির্বাচিত বিধায়ক।

Latest