নিজস্ব সংবাদদাতা :ফল প্রকাশের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে। স্ট্রংরুম ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া পাহারা, তার সঙ্গে বহুস্তরীয় নিরাপত্তা বলয় ও নজরদারির ব্যবস্থা কার্যত দুর্গে পরিণত করেছে গণনা কেন্দ্রগুলিকে। প্রশাসন ও পুলিশ—উভয়ই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার জন্য মোট চারটি গণনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মেদিনীপুর শহরে রয়েছে দুটি কেন্দ্র, খড়গপুরে একটি এবং ঘাটাল মহকুমায় একটি। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ও ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে।
মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজে গণনা হবে মেদিনীপুর, শালবনী, গড়বেতা ও ডেবরা বিধানসভার ভোট। অপরদিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে গণনা হবে কেশপুর, দাঁতন ও নারায়ণগড়ের ভোট। খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে গণনা হবে খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, সবং, পিংলা ও কেশিয়াড়ি কেন্দ্রের ভোট। অন্যদিকে ঘাটাল কলেজে গণনা হবে ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুর বিধানসভার ভোট।প্রতিটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রের ভিতরে ও বাইরে সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি চলছে। একাধিক স্তরের ব্যারিকেড, সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ—সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে জলবদ্ধ করা হয়েছে।ভোটগণনার আগে প্রতিটি কেন্দ্র ঘুরে দেখছেন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। কোথাও কোনও ফাঁকফোকর রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে খুঁটিয়ে। প্রশাসনের স্পষ্ট বার্তা—গণনার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সবরকম প্রস্তুতি আগেই সেরে রাখা হয়েছে।