Skip to content

মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে,বিনোদন জগতের একাধিক তারকাকে পদ্ম সম্মান!

মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা : ভারতের বিনোদন, সঙ্গীত ও থিয়েটার জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্ম পুরস্কার’-এ ভূষিত করা হচ্ছে। আজ, ২৫ মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীত বিশিষ্টজনদের হাতে এই সম্মান তুলে দেবেন। এ বছর কেন্দ্র সরকার মোট ১৩১টি পদ্ম সম্মান ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার। শিল্প, সাহিত্য, খেলাধুলা, বিজ্ঞান, সমাজসেবা ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়ে থাকে। হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র-কে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হচ্ছে। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাত্থর’-এর মতো বহু কালজয়ী ছবির মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে অমর হয়ে আছেন। মালয়ালম চলচ্চিত্রের মহাতারকা মামুট্টি এবং প্রখ্যাত প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক-কে এই বছর ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করা হচ্ছে। মামুট্টি এর আগে ১৯৯৮ সালে পদ্মশ্রী পেয়েছিলেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে ‘পদ্মশ্রী’ সম্মান প্রদান করা হচ্ছে। প্রায় পাঁচ দশকের দীর্ঘ কেরিয়ারে ৩৫০-এরও বেশি ছবিতে অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।

সতীশ শাহ।

প্রয়াত অভিনেতা সতীশ শাহকেও মরণোত্তর ‘পদ্মশ্রী’ প্রদান করা হল। টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করেছে কেন্দ্র সরকার। জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘এফআইআর’-এর মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তিনি। তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় ও অনন্য কমিক টাইমিং ভারতীয় টেলিভিশন জগতে এক বিশেষ স্থান তৈরি করেছিল। বড় পর্দাতেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘ম্যায় হুঁ না’ ও ‘হাম আপকে হ্যায় কৌন’-এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর স্বল্প উপস্থিতিতেও দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল তাঁর অভিনয়। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা-পরিচালক আর মাধবন, বর্ষীয়ান থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা অনিল কুমার রাস্তোগী এবং দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অভিনেতা ও পরিচালক অরবিন্দ বৈদ্য।

আর-মাধবন।

Latest