নিজস্ব সংবাদদাতা : ভোটার ও কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার বিজেপি নেতার!২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফলাফল ঘোষণার পর ৬ই মে, বুধবার তিনি এলাকার ভোটার এবং দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এই জয়কে স্মরণীয় বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, “এই জয় শুধুমাত্র বিজেপির নয়, এই জয় প্রত্যেক সনাতনীর।” ‘জনতা-জনার্দন’-এর প্রতি মাথা নত করে তিনি জানান, মানুষের আস্থাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, “আমি নন্দীগ্রাম ও ভবানীপুরের সাহসী ও সহনশীল মানুষের কাছে চিরঋণী। আমার ওপর অবিচল আস্থা রাখার জন্য এবং আমাকে আপনাদের কণ্ঠস্বর হিসেবে নির্বাচিত করার জন্য ধন্যবাদ।”ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট করেন, মানুষের স্বপ্ন পূরণে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।একইসঙ্গে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারানো বিজেপি কর্মীদের স্মরণ করে তিনি বলেন, “এই জয় সেইসব বীর কর্মীদের আত্মত্যাগ ও পরিশ্রমের ফল, যাঁরা সব প্রতিকূলতার মাঝেও হাসিমুখে লড়াই চালিয়ে গেছেন। আপনারাই প্রকৃত নায়ক।”এই জয়ের মাধ্যমে নন্দীগ্রামে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।