অভিজিৎ সাহা : উত্তর ২৪ পরগনার হাবড়া-মছলন্দপুরে ফের চাঞ্চল্যকর উদ্ধার। নগদ টাকা ও বিপুল পরিমাণ গুলি উদ্ধারের পর এবার মাটি খুঁড়ে উদ্ধার হল তিনটি দোনালা বন্দুক ও ২৪ রাউন্ড কার্তুজ। গোবরডাঙা থানার পুলিশ ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে সঙ্গে নিয়েই এই তল্লাশি চালায়।পুলিশ সূত্রে খবর, শুক্রবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শক্তিনগরের কানাপুকুর এলাকার একটি জমিতে পৌঁছয় তদন্তকারী দল। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জমির একটি অংশ খুঁড়তেই মাটির নিচে পোঁতা অবস্থায় একটি কালো প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়। সেই প্যাকেট খুলে বেরিয়ে আসে তিনটি দোনালা বন্দুক এবং ২৪ রাউন্ড গুলি।এর আগেও অজিত সাহার বাড়ি থেকে নগদ ২৭ লক্ষ টাকা, এয়ার রাইফেলের ৬৬৬ রাউন্ড গুলি এবং ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছিল। ফলে নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উদ্ধার হওয়া তিনটি বন্দুকেই ডবল ট্রিগার রয়েছে। অস্ত্রগুলি কোথা থেকে এল, কারা ব্যবহার করত এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি সন্দেহজনক কালো গাড়ির যাতায়াত ছিল। তবে জমিতে কী ধরনের কার্যকলাপ চলত, তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অনেকে।উল্লেখ্য, নির্বাচনের আগে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ২০ লক্ষ টাকা তোলার দাবির অভিযোগে অজিত সাহার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। যদিও সেই অডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে গ্রেপ্তারি, নগদ অর্থ উদ্ধার এবং অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঘটনায় হাবড়া-মছলন্দপুরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
