Skip to content

সমাজমাধ্যমের পরিচিত মুখ সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু, মগরায় শোক ও রহস্য ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা : হুগলির মগরায় সমাজমাধ্যমে পরিচিত মুখ সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে অনুরাগী ও পরিচিত মহলে। সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করা সায়নী সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে মা মলি চক্রবর্তীর সঙ্গে বিভিন্ন ভিডিও এবং পোষ্যদের নিয়ে তাঁর পোস্টগুলি নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল।পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়।ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই সম্পর্কজনিত কিছু মানসিক চাপ বা টানাপড়েনের বিষয় সামনে এসেছে বলে সূত্রের দাবি। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি তদন্তকারীরা। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখযোগ্যভাবে, মৃত্যুর মাত্র একদিন আগেও নিজের পোষ্য গরু ‘সুন্দরী’-কে নিয়ে একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সায়নী। তাঁর সেই স্বাভাবিক উপস্থিতির পর আচমকা এই ঘটনায় হতবাক অনুরাগীরা।হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে মৌখিকভাবে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী তদন্তের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Latest