মেদিনীপুর 22° ☁️ · AQI 188 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পরপর তিন ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত ফুল ও ধানচাষ, অগ্রহায়ণে বাড়তে পারে ফুলের দাম

পরপর তিন ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত ফুল ও ধানচাষ, অগ্রহায়ণে বাড়তে পারে ফুলের দাম

নিজস্ব সংবাদদাতা : গত তিন সপ্তাহে 'অর্ণব', 'মরাশু' ও সর্বশেষ 'আকভান'-এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল ও ধানচাষিরা। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও নদীয়ায় ফুলের উৎপাদন ব্যাহত হয়েছে। এর জেরে সদ্য শুরু হওয়া অগ্রহায়ণ মাসের বিয়ের মরশুমে ফুলের জোগান কমে দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অগ্রহায়ণ মাসে বিয়ের জন্য রয়েছে ন'টি নির্দিষ্ট শুভ দিন। এ ছাড়াও অন্যান্য দিনেও বিবাহের অনুষ্ঠান হয়ে থাকে। ফলে এই সময়ে ফুলের চাহিদা যথেষ্ট থাকে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে তার প্রভাব পড়তে পারে। এর আগে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতেও ফুলের দাম বেশ চড়া ছিল। সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, মোরগা, রড ও গ্ল্যাডিওলাস-সহ বিভিন্ন স্টিকযুক্ত ফুলের গাছ হেলে পড়েছে। অন্যদিকে, গাঁদা, দোপাটি, অপরাজিতা ও চন্দ্রমল্লিকার মতো ফুলগাছের গোড়ায় জল জমে থাকায় অনেক গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাপড়িতে জল ঢুকে পচন ও দাগ ধরার ফলে ফুলের গুণগত মানও কমতে পারে। তাই সামগ্রিকভাবে ফুলের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যাহত হওয়ার পাশাপাশি দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ফুলচাষের পাশাপাশি ক্ষতির মুখে আমন ধানও। অতিবৃষ্টিতে একাধিক মৌজায় ধানের গাছ মাটিতে শুয়ে পড়েছে এবং জমিতে জল জমে রয়েছে। কিছু জমিতে কৃষকেরা আগেই কাঁচা ধান কেটে রেখেছিলেন। বৃষ্টিতে সেই ধান ভিজে যাওয়ায় মাঠ থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে সমস্যায় পড়তে পারেন তাঁরা। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের জেরে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, বিয়ের মরশুমে ফুলের চাহিদা বাড়লেও উৎপাদন কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদেরও বেশি দামে ফুল কিনতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।