সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, আয়োজিত হলো ‘Sundays On Cycle’
নিজস্ব সংবাদদাতা: বর্তমান ব্যস্ত ও যান্ত্রিক জীবনযাত্রায় শারীরিক সুস্থতা বজায় রাখা এবং পরিবেশ দূষণ কমানোর বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রবিবার, 15 নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হলো ‘Sundays On Cycle’ শীর্ষক সাইকেল র্যালি। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (AIU)-এর সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক দীপক কুমার করের নেতৃত্বে সাইকেল র্যালি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী। তিনি সবুজ পতাকা নেড়ে র্যালির সূচনা করেন।

উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এই উদ্যোগের প্রশংসা করে জানান, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা এবং নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাইকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পথও প্রশস্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের এই উদ্যোগ যথেষ্ট সময়োপযোগী বলেও তিনি উল্লেখ করেন।অন্যদিকে, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী বলেন, আধুনিক জীবনযাত্রায় মানুষের শারীরিক পরিশ্রম ও চলাফেরা অনেকটাই কমে গিয়েছে। নিজেকে সচল রাখতে এবং সুস্থ জীবনযাপন করতে প্রতিদিন কিছুটা সময় সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এই কর্মসূচি সকলকে স্বাস্থ্য সচেতন হতে উৎসাহিত করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

এই সাইকেল র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় 75 জন অংশগ্রহণকারী যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক এবং শিক্ষাকর্মীরা। বিদ্যাসাগর ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিক্রমা করে পুনরায় সেখানেই এসে শেষ হয় র্যালিটি। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।আয়োজকদের মতে, নিয়মিত সাইকেল চালানো শরীরকে সচল রাখার পাশাপাশি পরিবেশ দূষণ কমাতেও সহায়ক। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শরীরচর্চা ও পরিবেশ সচেতনতার অভ্যাস গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক অংশগ্রহণকারী ও সহযোগীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, আধিকারিক ও শিক্ষাকর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা প্রশংসনীয়। সকলের সহযোগিতা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি আয়োজনে উৎসাহ জোগাবে।স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী মহলের একাংশ।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপন, উঠে এল আদিবাসী ইতিহাস ও সংস্কৃতির নানা দিক
পশ্চিম মেদিনীপুর
পঁচিশের গণ্ডি পেরিয়ে ছাব্বিশে ‘দুষ্টু’, মেদিনীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত রজতজয়ন্তী বর্ষ
পশ্চিম মেদিনীপুর