নিজস্ব সংবাদদাতা : নাম না করেই ফলতা থেকে জাহাঙ্গীর খান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতায় আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও সুযোগ নেই এবং অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।মুখ্যমন্ত্রী বলেন, “পরিষ্কারভাবে বলে যাচ্ছি, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এই সরকার কোনও অপরাধীকে রেয়াত করবে না। যত বড় প্রভাবশালীই হোক না কেন, আইনের মুখোমুখি তাকে হতেই হবে।”
এদিন জনকল্যাণ শিবিরে এক মহিলার সঙ্গে হওয়া কথোপকথনের কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, পরিষেবা নিতে এসে ওই মহিলা আবেগঘন কণ্ঠে তাঁকে জানান, “আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করেছেন।” সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “একজন মহিলার মুখে এমন কথা শুনে আমাদেরও কষ্ট হয়। স্বাধীন দেশে কোনও নাগরিককে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কাম্য নয়।”ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “এখানে আর কোনও ব্যক্তির শাসন চলবে না, চলবে আইনের শাসন। গুন্ডামি, জঙ্গিপনা, জমি দখল বা দাদাগিরি—কোনও কিছুই বরদাস্ত করা হবে না। ভোট লুটের রাজনীতি অতীতের বিষয় হয়ে গিয়েছে।”তিনি আরও দাবি করেন, “যত বড় মাফিয়া বা ডনই হোক না কেন, আইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর।