Skip to content

শুরু হচ্ছে গণনার মহাযজ্ঞ! কড়া নিরাপত্তায় আজ খুলবে ২৯৩ বিধানসভার ফলের ভাগ্যফল!

সেখ ওয়ারেশ আলী : আজ সোমবার, ৪ঠা মে, রাজ্যের রাজনৈতিক মহলে তুঙ্গে উত্তেজনা। একযোগে ২৯৩টি বিধানসভার ভোটের ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোর থেকেই বিভিন্ন গণনা কেন্দ্রে বাড়ছে কর্মব্যস্ততা, চোখে পড়ছে কড়া নিরাপত্তার চাদর।মেদিনীপুরে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে হবে ভোটগণনা। মেদিনীপুর কলেজে গণনা হবে মেদিনীপুর, শালবনী, গড়বেতা ও ডেবরা বিধানসভার ভোট। অন্যদিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে কেশপুর, দাঁতন এবং নারায়ণগড় বিধানসভার ভোটগণনার ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৬টা থেকেই কাউন্টিং সেন্টারের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন কাউন্টিং এজেন্টরা। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে একাধিক স্তরের তল্লাশির পরই তাঁদের প্রবেশ করানো হচ্ছে গণনা কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে কোনওরকম গাফিলতির সুযোগ রাখা হচ্ছে না।নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা।

তার আগেই সকাল ৭টার পর থেকে প্রার্থীরা একে একে গণনা কেন্দ্রে ঢুকতে শুরু করবেন। প্রতিটি কেন্দ্রেই নজরদারির জন্য মোতায়েন রয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে চিত্রটা আলাদা।

সেখানে ভোটগ্রহণ বাতিল হওয়ায় আজ গণনা হচ্ছে না। ওই কেন্দ্রে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ হবে এবং ২৪ মে প্রকাশিত হবে ফলাফল।সব মিলিয়ে আজকের দিনটি যে রাজ্যের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন শুধু সময়ের অপেক্ষা—কার ভাগ্যে জুটবে জয়ের মুকুট, আর কার কপালে হতাশার ছায়া!

Latest