নিজস্ব সংবাদদাতা : West Bengal Assembly Election 2026-এর দ্বিতীয় দফার আগে বাংলার রাজনৈতিক ময়দানে চূড়ান্ত উত্তাপ। রবিবার জুড়ে রাজ্যের একাধিক জেলায় হাইভোল্টেজ প্রচারে নামছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।দিনের শুরুতেই উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে পৌঁছবেন নরেন্দ্র মোদী। মতুয়া ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে এই জনসভাকে ঘিরে বাড়তি রাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে। এরপর সেখান থেকে তিনি উড়ে যাবেন হুগলির হরিপালে, যেখানে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হবে।দুপুরের পর তাঁর গন্তব্য কলকাতা।

শহরে পৌঁছে বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য রোডশো করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহুরে ভোটারদের আকর্ষণ করতেই এই জমকালো রোডশোর আয়োজন।অন্যদিকে, একই দিনে নদীয়া ও উত্তর ২৪ পরগনায় জোর প্রচারে থাকবেন অমিত শাহ। দুপুরে নদীয়ার তেহট্ট ও রানাঘাটের আনুলিয়া স্টেডিয়ামে দুটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা রয়েছে তাঁর।সেখান থেকে বিকেলে তিনি পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগনায়। দিনশেষে বারাসতে একটি বড় রোডশো করার পরিকল্পনা রয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে।দ্বিতীয় দফার ভোটের আগে এই মেগা প্রচার স্পষ্ট বার্তা দিচ্ছে—রাজ্যে রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে, আর শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মরিয়া সব পক্ষই।