নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দাবি করা হচ্ছিল, আগামী ৩০ জুনের পর থেকে দেশে কাগজের নোট তুলে দিয়ে প্লাস্টিকের নোট চালু করা হবে। এই খবর ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জল্পনা ও বিভ্রান্তি ছড়ায়।তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। সরকারি সূত্রের স্পষ্ট বক্তব্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর পক্ষ থেকে কাগজের নোট বন্ধ করে প্লাস্টিকের নোট চালুর কোনও পরিকল্পনা নেই। বর্তমানে প্রচলিত কাগজের নোটই বাজারে বহাল থাকবে।পিআইবি সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ধরনের গুজবে বিশ্বাস না করে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত। ভুয়ো খবর শেয়ার করলে বিভ্রান্তি আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।উল্লেখ্য, ২০১৬ সালের নোটবন্দির পর থেকেই বিভিন্ন সময়ে মুদ্রা সংক্রান্ত নানা গুজব ছড়িয়েছে। এবারও প্লাস্টিকের নোট নিয়ে তেমনই একটি ভুয়ো দাবি সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছে সরকারি মহল।