নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকার ১৯৮০ সালের পাসপোর্ট বিধি সংশোধন করে বিভিন্ন ধরনের পাসপোর্টের আবেদন ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। নতুন এই ফি কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এর ফলে নতুন পাসপোর্ট তৈরি কিংবা নবীকরণের ক্ষেত্রে সাধারণ আবেদনকারীদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।নতুন নিয়ম অনুযায়ী, ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট (নতুন বা রিনিউ) তৈরির আবেদন ফি ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির পাসপোর্টের ফিও বৃদ্ধি করা হয়েছে।
নতুন ফি কাঠামো অনুযায়ী—
- ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট (নতুন/রিনিউ): ১,৫০০ টাকা → ২,৫০০ টাকা
- ৩৬ পাতার তৎকাল পাসপোর্ট: ৩,৫০০ টাকা → ৫,০০০ টাকা
- ৬০ পাতার সাধারণ পাসপোর্ট (নতুন/রিনিউ): ২,০০০ টাকা → ৩,৫০০ টাকা
- ৬০ পাতার তৎকাল পাসপোর্ট: ৪,০০০ টাকা → ৬,০০০ টাকা
এছাড়াও সরকারি বিজ্ঞপ্তিতে ১৯৮০ সালের পাসপোর্ট বিধির 'Schedule IV'-এর পরিবর্তে একটি নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সেখানে আবেদনকারীদের বয়স অনুযায়ী দুটি পৃথক বিভাগ নির্ধারণ করা হয়েছে।
নতুন বিভাগগুলি হলো—
- প্রথম বিভাগ: ১৮ বছর বা তার বেশি বয়সী আবেদনকারী এবং ১৫ থেকে ১৮ বছর বয়সী নাবালক (নির্দিষ্ট শর্তে)।
- দ্বিতীয় বিভাগ: ১৮ বছরের কম বয়সী নাবালক আবেদনকারী।
উল্লেখযোগ্য বিষয়, ফি বৃদ্ধির ঘোষণার একদিন আগেই বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছিল, পাসপোর্ট কোনও নাগরিকত্বের প্রমাণপত্র নয়; এটি শুধুমাত্র বিদেশ ভ্রমণের জন্য একটি বৈধ ভ্রমণ নথি।নতুন ফি কার্যকর হওয়ার ফলে বিশেষ করে উচ্চশিক্ষা, চাকরি, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে তৎকাল পাসপোর্ট করতে ইচ্ছুক আবেদনকারীদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। যারা পুরনো ফি অনুযায়ী আবেদন করতে চান, তাঁদের জন্য ৩০ জুন পর্যন্ত আগের হারে আবেদন করার সুযোগ থাকছে।