গণেশ চতুর্থীর আগেই উন্মোচিত ‘লালবাগচা রাজা’, উৎসবের সাজে মুম্বই!
নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীর আর মাত্র ২ দিন বাকি। গণেশ উত্সব উপলক্ষ্যে গোটা মহারাষ্ট্রই এখন আনন্দোত্সবে মেতে উঠেছে। তবে শুধু মহারাষ্ট্রই নয়, কলকাতা, বিহার-সহ দেশের বিভিন্ন শহরেও ধুমধাম করে গণপতি বন্দনা করা হয়। তার আগেই শুক্রবার সন্ধ্যায় দেশ-বিদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধি ও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উন্মোচিত হল মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’-র গণেশ প্রতিমা। প্রতিমার আবির্ভাব ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। উন্মোচনের সময় জনপ্রিয় ‘বাহুবলী’ ছবির ‘কৌন হ্যায় ওহ’ গানটি বাজানো হয়।

আগামী ১৪ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হবে গণেশ চতুর্থী। তবে এই উৎসবের সবচেয়ে বড় আবেগ দেখা যায় মুম্বই ও মহারাষ্ট্রে। সেখানে প্রায় ১০ দিন ধরে চলে গণপতি আরাধনা। সাধারণ মানুষ থেকে বলিউড তারকা—সকলেই এই উৎসবে সামিল হন।

মুম্বইয়ের গণেশ উৎসবের ঐতিহ্য বহু পুরনো। ১৯৩৪ সাল থেকে লালবাগ মার্কেটে আয়োজিত হয়ে আসছে ‘লালবাগচা রাজা’। এছাড়াও ১৯২০ সাল থেকে চিঞ্চপোকলিতে ‘চিঞ্চপোকলি চা চিন্তামণি’ এবং ১৯৫৯ সাল থেকে গ্রান্ট রোডের খেতওয়াড়িতে ‘খেতওয়াড়িচা রাজা’ বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

গণেশ চতুর্থীকে সামনে রেখে ইতিমধ্যেই উৎসবের সাজে সেজে উঠেছে মুম্বই। বিঘ্নহর্তার আরাধনায় আগামী কয়েক দিন বাণিজ্যনগরীর রাস্তায় দেখা যাবে উৎসবের রঙ, ভক্তির আবেগ এবং মানুষের বিপুল সমাগম।