Skip to content

জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষায় ৫৫০ ঘণ্টার লাইভ সচেতনতা প্রচার, নজির ঝাড়গ্রামের প্রাক্তন বনকর্তার!

নিজস্ব সংবাদদাতা : বন, বন্যপ্রাণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে টানা সাড়ে চার বছরে ৫৫০ ঘণ্টারও বেশি লাইভ সচেতনতা প্রচার করে নজির গড়লেন ঝাড়গ্রামের প্রাক্তন বনকর্তা সমীর মজুমদার। কমিউনিটি এফএম রেডিও ‘রেডিও মিলন ৯০.৪ এফএম’-এ তাঁর সাপ্তাহিক অনুষ্ঠান সম্প্রতি ৫৫০ ঘণ্টার মাইলফলক স্পর্শ করেছে।২০১৮ সালের ডিসেম্বরে অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক (ADFO) পদ থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের নভেম্বরে এই উদ্যোগ শুরু করেন সমীর মজুমদার। প্রতি বুধবার সকালে সম্প্রচারিত প্রায় দু’ঘণ্টার লাইভ অনুষ্ঠানে রেডিও জকি সায়নদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন, বন্যপ্রাণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন তিনি। ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে ৩৫০টিরও বেশি পর্ব।জঙ্গলমহলে মানুষ-হাতি সংঘাত বর্তমানে অন্যতম বড় সমস্যা। সেই বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে হাতির চলাচলকারী এলাকায় সতর্কতা, জঙ্গলে প্রবেশের ঝুঁকি, হাতির কাছাকাছি গিয়ে ছবি বা সেলফি তোলার বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করা হয় অনুষ্ঠানের মাধ্যমে। সমীর মজুমদারের মতে, অধিকাংশ দুর্ঘটনাই ঘটে ভোরবেলায় মাঠে যাওয়ার সময় অথবা জঙ্গলে কাঠ ও পাতা সংগ্রহ করতে গিয়ে।শুধু হাতি নয়, বনভূমিতে আগুন লাগা, অবৈধ গাছ কাটা এবং শিকার উৎসবের নামে বন্যপ্রাণ হত্যা রোধেও নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব হাতি দিবস এবং বিশ্ব বাঘ দিবসের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানও সম্প্রচারিত হয়।রেডিও জকি সায়নদীপ বন্দ্যোপাধ্যায় জানান, জনস্বার্থে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয় এবং ‘রেডিও গার্ডেন’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও তা শোনা যায়। অন্যদিকে সমীর মজুমদার বলেন, “অবসরের পরেও সমাজ ও পরিবেশের জন্য কিছু করতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

Latest