Skip to content

হায়দরাবাদে নতুন তারকার জন্ম! অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন প্রফুল ও শাকিব

প্রফুল হিঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: আইপিএল ২০২৬-এ সোমবার রাতের হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচ যেন পুরোপুরি দখল করে নিলেন দুই নতুন মুখ—প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেন। অভিষেক ম্যাচেই দু’জনের দুরন্ত বোলিংয়ে রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করল সানরাইজার্স হায়দরাবাদ। বিশেষ করে প্রফুলের প্রথম ওভারেই ৩ উইকেট, যা আইপিএল ইতিহাসে একেবারেই নজিরবিহীন। ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ। প্রথম বলেই ফিরে যান অভিষেক শর্মা। তবে এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক ঈশান কিষান ও হেনরিখ ক্লাসেন। ঈশান ৪৪ বলে ঝড়ো ৯১ রানের ইনিংস খেলেন, ক্লাসেন যোগ করেন ৪০। শেষদিকে সলিল অরোরার ১৩ বলে ২৪ রানের ক্যামিওতে ২০ ওভারে ৬ উইকেটে ২১৬ রানের বড় স্কোর তোলে হায়দরাবাদ।

শাকিব হুসেন।

রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার নেন ২ উইকেট। ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং। প্রথম ওভারেই বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল ও লুয়ান্দ্রে প্রিটোরিয়াসকে ফিরিয়ে ম্যাচ একপ্রকার নিজের মুঠোয় নিয়ে নেন প্রফুল হিঙ্গে। ৩ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৯ রানেই ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে রাজস্থান। সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা লড়াইয়ের চেষ্টা করেন। জাদেজা ৩২ বলে ৪৫ এবং ফেরেইরা ৪৪ বলে ৬৯ রান করে ইনিংসকে কিছুটা টেনে নিয়ে যান। কিন্তু শাকিব হুসেনের নিখুঁত লাইন-লেন্থে সেই প্রতিরোধও বেশিক্ষণ টেকেনি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় রাজস্থান।

Latest