নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন Suvendu Adhikari। শিলিগুড়ির Uttarkanya-য় তিনি উত্তরবঙ্গের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আসন্ন বর্ষাকে মাথায় রেখে বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, চা বাগানের সংকট এবং বেআইনি নির্মাণ, জমি ও বালি-পাথর মাফিয়াদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী।বৈঠকে এসজেডিএ, জিটিএ, জেলা পরিষদ, পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থা এবং দুর্নীতির অভিযোগ নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। উত্তরবঙ্গের উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন, পাহাড় সমস্যার সমাধান এবং আটকে থাকা কাজ শেষ করার বিষয়েও প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হতে পারে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই প্রশাসনিক বৈঠকে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের ‘বয়কট রাজনীতি’ ভেঙে প্রশাসনিক কাজে সব পক্ষকে সঙ্গে নেওয়ার বার্তা দিচ্ছে নতুন সরকার।মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন Nisith Pramanik। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা অংশ নেবেন।প্রধানমন্ত্রী Narendra Modi এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে।
ক্ষমতায় এসেই উত্তরবঙ্গ সফর, উত্তরকন্যার বৈঠকে বড় ঘোষণা কি শুভেন্দুর?