Skip to content

শোক, ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আসামের হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে পালিত হলো পবিত্র মহরম!

আহমদ হুসাইন লস্কর : আসামের প্রান্তিক জেলা হাইলাকান্দিতে প্রতি বছরের মতো এ বছরও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও সম্প্রীতির পরিবেশে পালিত হলো পবিত্র মহরম। কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেনসকালের পর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত তাজিয়া, ঘোড়ার গাড়ি এবং ধর্মীয় পতাকা নিয়ে শোকমিছিল হাইলাকান্দি শহরের নির্দিষ্ট রুট ধরে ডিএসএ (DSA) মাঠে এসে সমবেত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শোক প্রকাশের পাশাপাশি বিভিন্ন কসরত, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং জারিগান ও মার্সিয়া পরিবেশন করেন। ‘ইয়া হোসেন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।প্রায় ৩০টি আঞ্চলিক মহরম কমিটি এই শোকযাত্রায় অংশ নেয়। কারবালার ইতিহাস, হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ এবং সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর অবিচল অবস্থানের কথা তুলে ধরা হয় জারিগান ও শোকগীতির মাধ্যমে। শোকাবহ পরিবেশে উপস্থিত মানুষের মধ্যে ধর্মীয় আবেগ ও শ্রদ্ধা ছিল চোখে পড়ার মতো।মহরম উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় বক্তারা হজরত ইমাম হোসেন (রা.)-এর ত্যাগ, ন্যায়বিচার, মানবতা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার বার্তাও তুলে ধরা হয়। বিকেলে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।মহরম উপলক্ষে সকাল থেকেই হাইলাকান্দি শহরের এন.এস. রোড, ডিএসএ মাঠ সংলগ্ন এলাকা এবং আশপাশে বসেছিল অস্থায়ী মেলা। খেলনা, খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্যের দোকানে ছিল উপচে পড়া ভিড়। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর।প্রশাসনের হিসাব অনুযায়ী, এ বছর মহরম উপলক্ষে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটে। এত বড় জনসমাগম সত্ত্বেও অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ট্রাফিক নিয়ন্ত্রণ, শোভাযাত্রার নির্দিষ্ট রুট এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তারক্ষীরা সর্বক্ষণ তৎপর ছিলেন।শান্তিপূর্ণভাবে মহরম উদযাপন সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে হাইলাকান্দি মহরম উদযাপন কমিটি ও জেলার বিশিষ্ট নাগরিকরা।

Latest