আহমদ হুসাইন লস্কর : মাতৃভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলচর শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক পথনাটকের আয়োজন করল এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার ছোটলাল শেঠ গার্লস হাই স্কুল, পাব্লিক স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল, নেতাজী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল-সহ বিভিন্ন বিদ্যালয়ে সংগঠনের ছাত্র-ছাত্রীরা ‘বর্ণমালার কান্না’ নামে পথনাটক পরিবেশন করেন।পথনাটকের মাধ্যমে মাতৃভাষা মাধ্যমের স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে ছাত্রসমাজের ভবিষ্যতের উপর যে গভীর সংকট নেমে আসছে, তা তুলে ধরা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাতৃভাষায় শিক্ষার অধিকার কেড়ে নেওয়া মানে একটি জাতির অস্তিত্ব ও সংস্কৃতির উপর আঘাত। সরকারি উদাসীনতা ও শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।এই কর্মসূচি ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এআইডিএসও সূত্রে খবর, শহীদ স্মরণে আগামীকালও দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
মাতৃভাষা রক্ষার দাবিতে আসামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এআইডিএসও-র পথনাটক