নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে আগামী ২০ মে ঔষুধ পরিষেবা আংশিকভাবে থমকে যেতে পারে—এমনই আশঙ্কা তৈরি হয়েছে All India Chemists and Druggists Association-এর ডাকা সর্বভারতীয় ধর্মঘটকে ঘিরে। অনলাইন ফার্মেসির বিরোধিতা এবং ওষুধ ব্যবসায় স্বচ্ছতা আনার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।সংগঠনের দাবি, অবিলম্বে অনলাইন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ওষুধ বিক্রি বন্ধ করতে হবে। তাদের বক্তব্য, এই অনলাইন ব্যবসার জেরে দেশের হাজার হাজার খুচরো ওষুধ বিক্রেতা ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি বাজারে ভেজাল ওষুধের রমরমা ঠেকাতে কঠোর পদক্ষেপ, এবং বৈধ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধে কড়া নিয়ম চালুর দাবিও জানানো হয়েছে।এই ধর্মঘটের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। Bengal Chemists and Druggists Association ইতিমধ্যেই ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে। জানানো হয়েছে, ১৯ মে রাত ১২টা থেকে ২০ মে দুপুর ১২টা পর্যন্ত রাজ্যের অধিকাংশ ওষুধের দোকান বন্ধ থাকতে পারে। ফলে ২০ মে সকালে সাধারণ মানুষের ওষুধ সংগ্রহে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে।তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। হাসপাতাল সংলগ্ন এবং গুরুত্বপূর্ণ এলাকায় থাকা বড় ওষুধের দোকানগুলি খোলা রাখা হবে বলেই জানিয়েছে সংগঠন।