নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ভোট ঘিরে নতুন বিতর্ক। বিজেপির অভিযোগ, একাধিক বুথে ইভিএম মেশিনে তাঁদের প্রার্থী দেবাংশু পাণ্ডার নামের পাশে থাকা বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হরিণডাঙা হাইস্কুলের একটি বুথে এই ঘটনার অভিযোগ সামনে আসে, যার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রার্থী।বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার দাবি, পরিকল্পিতভাবে তাঁর প্রতীক ও নামের বোতাম জ্যাম করে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা তাঁর পক্ষে ভোট দিতে না পারেন। তিনি অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া ব্যাহত করতেই এই ধরনের কারচুপি করা হয়েছে।এই অভিযোগকে সামনে এনে সরব হয়েছেন বিজেপি নেতা Amit Malviya। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, একাধিক ভোটকেন্দ্রে টেপ ব্যবহার করে বিজেপির ভোটের বিকল্প আটকে দেওয়া হয়েছে, যার ফলে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে তিনি Mamata Banerjee-র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, এবং তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ আনেন।