Skip to content

অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু! জেনে নিন কীভাবে করবেন আবেদন

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। অবশেষে চালু হল বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের পোর্টাল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকেই নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা।নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পে সিলমোহর দেয় বিজেপি সরকার। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল আগেই জানিয়েছিলেন, নতুন আবেদন ও পুরনো আবেদনকারীদের স্টেটাস যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই মতো ইতিমধ্যেই চালু হয়েছে পোর্টাল।আবেদনকারীদের https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। সেখানে বাঁদিকে দেখা যাচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’ অপশন। তবে পোর্টাল চালুর পর থেকেই নানা প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছেন বহু মানুষ। অনেকেই অভিযোগ করছেন, মোবাইল নম্বর দেওয়ার পর ‘ইনভ্যালিড’ দেখাচ্ছে এবং নতুন রেজিস্ট্রেশনের অপশনও এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাও লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়ছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, অতিরিক্ত চাপের কারণে সাময়িক প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে বলেই প্রশাসনের তরফে আশা প্রকাশ করা হয়েছে।সরকারি সূত্রের খবর, প্রযুক্তিগত সমস্যা মিটলেই নতুন আবেদন, তথ্য সংশোধন এবং আবেদনপত্রের স্টেটাস চেক—সব পরিষেবা স্বাভাবিকভাবে পাওয়া যাবে।

Latest