Skip to content

অদিতি-দেবরাজের হয়ে আদালতে সওয়াল, বিকাশরঞ্জনকে ঘিরে চাপে সিপিএম

অভিজিৎ সাহা: : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর হয়ে কলকাতা হাই কোর্টে সওয়াল করতে দেখা গেল সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। আর সেই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুই তৃণমূল নেতার পক্ষে আদালতে দাঁড়ানো নিয়ে সিপিএমের অন্দরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক সূত্রের খবর। দলের একাংশের কর্মী-সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছে বাম শিবির, তাঁদের পক্ষেই কেন আদালতে সওয়াল করছেন দলের বর্ষীয়ান নেতা।জানা গিয়েছে, রাজারহাট অঞ্চলে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বেআইনি সম্পত্তি বৃদ্ধির অভিযোগ ওঠে। রাজনৈতিক পালাবদলের আবহে তদন্তের মুখে পড়েন তাঁরা। এরপর আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন ওই দুই নেতা। সেই মামলাতেই তাঁদের আইনজীবী হিসেবে হাজির হন বিকাশরঞ্জন ভট্টাচার্য।বিতর্কের জবাবে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, তিনি প্রথমত একজন আইনজীবী এবং পেশাগত দায়িত্ব পালন করতেই আদালতে উপস্থিত হয়েছেন। তাঁর বক্তব্য, কোনও মক্কেলের রাজনৈতিক পরিচয় দেখে তিনি মামলা নেন না।যদিও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেনি সিপিএমের শীর্ষ নেতৃত্ব। তবে রাজনৈতিক মহলের মতে, সংগঠন পুনর্গঠনের সময় এমন ঘটনায় দলের নিচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটাই স্বাভাবিক।

Latest