অসমের ধেমাজিতে বানের তোড়ে ভাঙল সেতু, বন্ধ রেল যোগাযোগও!

অসমের ধেমাজিতে বানের তোড়ে ভাঙল সেতু, বন্ধ রেল যোগাযোগও!

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অসমের ধেমাজি জেলা। বন্যার তীব্র স্রোতে ভেসে গেছে একটি ৩০০ মিটার দীর্ঘ লোহার সেতু, যার ফলে কেমি ও ওয়ান এলাকার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি কয়েকজন মৎস্যজীবী বন্যার জলে ভেসে যাওয়ার আশঙ্কার খবর মিললেও, এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।প্রবল স্রোতের কারণে অর্চিপথার ও সিমেন চাপরির মধ্যবর্তী রেলসেতুর স্তম্ভের নীচের মাটি ধসে যাওয়ায় ওই রুটে রেল চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নিবিড় নজরদারি চালানো হচ্ছে।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য সরকার বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী জলসম্পদ মন্ত্রী অতুল বরা এবং রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্তকে ধেমাজিতে অবস্থান করে ত্রাণ ও উদ্ধারকাজ সরাসরি তদারকির নির্দেশ দিয়েছেন। প্রশাসনের একাধিক দল ইতিমধ্যেই দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।