ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম —এখনও জলবন্দি ৩ লক্ষের বেশি মানুষ!

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম —এখনও জলবন্দি ৩ লক্ষের বেশি মানুষ!

নিজস্ব সংবাদদাতা :অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্যোগের করাল গ্রাস এখনও কাটেনি। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যুর ঘটনায় রাজ্যে বন্যাজনিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। তবে জল কিছুটা নামায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে বর্তমানে প্রায় ৩ লক্ষ ৩২ হাজারে নেমে এসেছে।বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, কামরূপ মেট্রোপলিটন-সহ মোট সাতটি জেলা এখনও বন্যার কবলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরাইদেও জেলা, যেখানে প্রায় ১ লক্ষ ৪২ হাজার মানুষ জলবন্দি। এরপরেই রয়েছে শিবসাগর (৯৭,০৭৪ জন) এবং যোরহাট (৫৭,৩৭১ জন)।

মঙ্গলবার শিবসাগর জেলাতেই সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।রাজ্যজুড়ে বর্তমানে ৮১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৩২,৪৭৭ জন দুর্গত। পাশাপাশি ৩৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের কাছে। উদ্ধার ও ত্রাণকাজে একযোগে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), দমকল বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।বন্যার জেরে প্রায় ৪৫,৩৪১.৯৮ হেক্টর কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর, গোয়ালঘর, স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়েছে।এদিকে, বন্যাকবলিত শিবসাগরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ৩০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ইন্ট্রা-সার্কেল রোমিং পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অচল থাকলেও অন্য পরিষেবার মাধ্যমে জরুরি যোগাযোগ বজায় রাখতে পারবেন সাধারণ মানুষ।