নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরুতে সক্রিয় একটি ভুয়া কল সেন্টার চক্রের পর্দাফাঁস করেছে কর্ণাটক রাজ্য সাইবার কমান্ড। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যাকাউন্টিং সফটওয়্যার সংস্থা ‘কুইকবুকস’-এর প্রতিনিধি পরিচয় দিয়ে একাধিক মার্কিন নাগরিককে প্রতারণা করা হচ্ছিল।এই ঘটনায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং স্পেশাল সাইবার সেলের যৌথ অভিযানে বেঙ্গালুরুর চারটি পৃথক স্থানে হানা দেওয়া হয়। সেখান থেকেই প্রতারণামূলক কল সেন্টারগুলির কার্যকলাপের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।অভিযানে দিল্লির বাসিন্দা প্রশান্ত এবং উত্তরপ্রদেশের বাসিন্দা আকাশ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নিজেদের কুইকবুকসের অনুমোদিত প্রতিনিধি পরিচয় দিয়ে মার্কিন নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত। তারা ভুয়া কর-পরামর্শ, সফটওয়্যার লাইসেন্স নবায়ন, লাইসেন্সিং পরিষেবা, নকল লাইসেন্স কী এবং প্রযুক্তিগত সহায়তার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালাত।তদন্তকারীদের অভিযোগ, এই ভুয়া পরিষেবার বিনিময়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হতো। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।
বেঙ্গালুরুতে ভুয়া কল সেন্টার চক্রের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২!