পুজোর আগে বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামে নতুন পোশাক, পাশে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী!
নিজস্ব সংবাদদাতা : পুজোর আগে বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নতুন জামাকাপড় তুলে দিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। একটি সংগঠনের উদ্যোগে শুক্রবার বেলপাহাড়ি ব্লকের পাথরডাঙা গ্রামে আয়োজিত হয় থ্যালাসেমিয়া নির্ণয় শিবির ও সচেতনতা কর্মসূচি।সচেতনতা কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন হেমাটোলজিস্ট ডা. দেবমাল্য ভট্টাচার্য। শিবিরের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এলাকার বহু মানুষের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়।এদিন বেলপাহাড়ি ব্লকের পূর্ণপানি গ্রামেও ১৫ জন লোধা-শবর শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

পুজোর আগে নতুন পোশাক পেয়ে খুশি শিশুরা।সংগঠনের সম্পাদক চিরঞ্জীব গোস্বামী জানান, আগামী দিনে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।সংগঠনের সভাপতি তথা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বলেন, “আমাদের কাছে প্রচারটা প্রধান নয়। সমাজের আলোর বাইরে থাকা প্রান্তিক মানুষের কাছে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানোই প্রধান।”পুজোর আবহে নতুন পোশাক বিতরণ, থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা এবং প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে এদিন বেলপাহাড়িতে তৈরি হয় মানবিকতার এক বিশেষ আবহ।