নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরু শহরে ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন। নিজের বাড়ির বাথরুমে স্নান করার সময় এক তরুণীর ব্যক্তিগত মুহূর্ত গোপনে মোবাইলে ভিডিও করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরু শহরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহাদেবপুরা থানার অন্তর্গত গরুড়াচরপল্য এলাকায়। অভিযোগকারী ২৩ বছরের তরুণী জানিয়েছেন, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে তিনি নিজের বাড়ির বাথরুমে স্নান করছিলেন।সেই সময় আচমকাই তাঁর নজরে আসে, আড়াল থেকে এক অচেনা যুবক মোবাইল ফোনে তাঁর স্নানের দৃশ্য রেকর্ড করছে। বিষয়টি বুঝতে পেরে আতঙ্কে চিৎকার করে ওঠেন তরুণী। চিৎকার শুনেই অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মহাদেবপুরা থানা-র পুলিশ। তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। শহরে নারীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।