আহমদ হুসাইন লস্কর,আসাম : উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথমবারের মতো নাগাল্যান্ডের রাজধানী কোহিমাকে দেশের জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত করতে দ্রুতগতিতে এগোচ্ছে ৭৮.৪২ কিলোমিটার দীর্ঘ ধনসিরি–জুবজা (দিমাপুর–কোহিমা) নতুন রেললাইন প্রকল্প।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের নির্মাণকাজ জোরকদমে চলছে এবং ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে কোহিমা পর্যন্ত রেল পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই রেলপথ অসমের কার্বি আংলং জেলা এবং নাগাল্যান্ডের চুমৌকেদিমা ও কোহিমা জেলার মধ্য দিয়ে অতিক্রম করবে।প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ধনসিরি–শোখুভি এবং শোখুভি–মলভম সেকশনে ট্রেন চলাচল শুরু হয়েছে। বাকি অংশের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।তবে এই প্রকল্প বাস্তবায়নের পথে একাধিক প্রাকৃতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, ভূমিধসপ্রবণ এলাকা, অতিবৃষ্টি ও দীর্ঘ বর্ষাকাল, দুর্বল শিলাস্তর, টানেল নির্মাণে ভূগর্ভস্থ জলের চাপ এবং দক্ষ শ্রমিকের ঘাটতি নির্মাণকাজকে জটিল করে তুলেছে।এসব প্রতিকূলতা সত্ত্বেও প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে নাগাল্যান্ডের রাজ্যপাল নন্দ কিশোর যাদবও প্রকল্পটির দ্রুত ও সময়মতো বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন এবং এ বিষয়ে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।প্রকল্পটি সম্পূর্ণ হলে নাগাল্যান্ডের রাজধানী প্রথমবারের মতো সরাসরি ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে, যা উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
নাগাল্যান্ডের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ, কোহিমার পথে ৭৮ কিমি নতুন রেললাইন!