বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বে BRICS 2026: দিল্লিতে এক মঞ্চে বিশ্বশক্তির নেতারা!

বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বে BRICS 2026: দিল্লিতে এক মঞ্চে বিশ্বশক্তির নেতারা!

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির পালাবদলের আবহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে BRICS 2026। ভারতের সভাপতিত্বে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম BRICS শীর্ষ সম্মেলন। ২০২৬ সালের ১ জানুয়ারি ভারত চতুর্থবারের মতো BRICS-এর সভাপতিত্ব গ্রহণ করে।এবারের সম্মেলনের মূল ভাবনা—“Building for Resilience, Innovation, Cooperation and Sustainability”। অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের ভিত্তিতে BRICS দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলাই ভারতের অন্যতম লক্ষ্য। এর সঙ্গে রয়েছে ‘Humanity First’-এর ভাবনাও।

বর্তমানে BRICS-এর পূর্ণ সদস্য সংখ্যা ১১—ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, ইন্দোনেশিয়া ও সৌদি আরব। সম্প্রসারণের ফলে বিশ্বের জনসংখ্যা, অর্থনীতি, জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে এই গোষ্ঠীর প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ-সহ BRICS-এর বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বকে তুলে ধরা হয়েছে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবারের সম্মেলনে সরাসরি উপস্থিত থাকছেন না; ব্রাজিলের প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা।

ভারতের সামনে বড় কূটনৈতিক পরীক্ষা : এই সম্মেলন শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, ভারতের জন্যও বড় কূটনৈতিক পরীক্ষা। একদিকে চিন ও রাশিয়ার মতো প্রভাবশালী শক্তিকে সঙ্গে নিয়ে চলা, অন্যদিকে ইরান-সহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বাণিজ্যিক চাপ ও বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে ঐকমত্য তৈরি করা—সবই ভারতের সভাপতিত্বের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।বিশেষ করে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় সংস্কার, আন্তঃদেশীয় লেনদেনের উন্নতি, ডিজিটাল মুদ্রার সংযোগ, বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল, প্রযুক্তি ও স্টার্টআপ সহযোগিতা এবারের আলোচনায় গুরুত্ব পেতে পারে।

ভারত BRICS দেশগুলির মধ্যে ডিজিটাল মুদ্রা ও পেমেন্ট ব্যবস্থার আন্তঃসংযোগের বিষয়টিও সামনে আনছে।শুধু অর্থনীতি নয়—খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, জলবায়ু, যুবসমাজ, ক্রীড়া, প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নিয়েও ২০২৬ সালে ভারতের সভাপতিত্বে একাধিক বৈঠক ইতিমধ্যেই হয়েছে। ফলে দিল্লির BRICS 2026 শুধু একটি আন্তর্জাতিক সম্মেলন নয়; পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় ভারতের কূটনৈতিক ও কৌশলগত প্রভাব কতটা বাড়ছে, তারও বড় পরীক্ষা।