Skip to content

মাতৃভাষার স্কুল বাঁচাতে পথে নামল কাছাড়, শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকপত্র

আহমদ হুসাইন লস্কর : মাতৃভাষা মাধ্যমের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত বন্ধ করা, শিক্ষক পদের শূন্যস্থান অবিলম্বে পূরণ এবং সদ্য উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে আজ কাছাড় জেলায় এক জোরালো প্রতিবাদী কর্মসূচি রূপায়িত হয়। এই তিন দফা দাবির সমর্থনে আজ কাছাড়ের স্কুল সমূহের পরিদর্শক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে।স্মারকপত্রে মূলত তিনটি বিষয়ের ওপর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয় যে রাজ্যের ঐতিহ্যবাহী মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুলগুলো বন্ধ করার যেকোনো পরোক্ষ বা প্রত্যক্ষ চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে খালি থাকা শিক্ষকদের শূন্য পদগুলোতে অবিলম্বে স্থায়ী নিযুক্তি প্রদান করতে হবে সদ্য ঘোষিত মেট্রিক এবং হায়ার সেকেণ্ডারি পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্র-ছাত্রীদের পরবর্তী শ্রেণিতে ভর্তির একশো শতাংশ সুযোগ প্রদান করতে হবে। আসন সংখ্যার অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
স্মারকপত্র প্রদানকারী প্রতিনিধি দলের নেতৃবৃন্দ জানান, সরকারি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। শিক্ষক সংকটের কারণে গ্রামীণ ও শহর অঞ্চলের স্কুলগুলো বিপর্যস্ত। এর ওপর পাশ করা ছাত্র-ছাত্রীদের ভর্তির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার যদি এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নেয়, তবে আগামী দিনে জেলা জুড়ে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি যথাক্রমে পল্লব ভট্টাচার্য, আপন লাল দাস, জেলা সম্পাদক স্বপন চৌধুরী, জেলা কমিটির সদস্য যথাক্রমে বিপ্লব ঘোষ, শেফালী দাস প্রমুখ।

Latest