দিল্লিতে ফের ‘ককরোচ’দের বিক্ষোভের ডাক!
নিজস্ব সংবাদদাতা: গত মাসে যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল দিল্লি। সমাজ মাধ্যম থেকে জানা যায়,সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সরকার-বিরোধী কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।সিজেপির মুখপাত্র সৌরভ দাসের দাবি, তরুণ আন্দোলনকারী ও মৃতদের পরিবারের সঙ্গে সরকারের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়নি। তাঁর অভিযোগ, গত ২৫ জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলি সরকার আদৌ রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।সৌরভ দাসের বক্তব্য,এই মিছিলেআত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবার এবং গত ২০ জুলাই পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করা ব্যক্তিরা নেতৃত্ব দেবেন। তাঁর কথায়, তরুণ প্রজন্ম ও আন্দোলনকারীদের সঙ্গে কোনও ধরনের বিশ্বাসঘাতকতা বরদাস্ত করা হবে না।অন্যদিকে, দেশজুড়ে সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার হাল ফেরানোর দাবিতেও সরব হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, নেতা আশুতোষ রাঙ্কা-সহ একাধিক সদস্য বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল পরিদর্শন করছেন বলে জানা গিয়েছে।এই কর্মসূচিকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, মহারাষ্ট্রের আউসা এলাকায় অনুমতি ছাড়াই স্কুল চত্বরে প্রবেশ করেছিলেন সংগঠনের নেতারা। এই অভিযোগের ভিত্তিতে অভিজিৎ দীপকের বিরুদ্ধে আউসা থানায় এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।একদিকে দিল্লিতে ফের সরকার-বিরোধী মিছিলের প্রস্তুতি, অন্যদিকে সরকারি স্কুল পরিদর্শন ঘিরে এফআইআর—সব মিলিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র একের পর এক কর্মসূচি নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।