নিজস্ব সংবাদদাতা : ২ মে দক্ষিণ ২৪ পরগনা-র ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম-এর মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন ঘিরে দেখা গেল উৎসাহ ও সতর্কতার মিশেল। কড়া নিরাপত্তার মধ্যেই দিনভর ভোটগ্রহণ হয়, আর বহু বুথে নজরে পড়ে ভোটারদের দীর্ঘ লাইন।আগের দফায় ইভিএম কারচুপির অভিযোগ ওঠায় এদিন প্রশাসন ছিল বাড়তি সতর্ক। যদিও কিছু বুথে ইভিএমে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তবুও দ্রুত তা সামলে নিয়ে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন রাখে কর্তৃপক্ষ। সর্বত্র মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ও RAP-এর কড়া নজরদারি।শনিবার ভোর হতেই ভোটারদের ভিড় জমতে শুরু করে। ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথ—রায়নগর প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষকে। তীব্র গরম উপেক্ষা করেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে পিছপা হননি কেউই। ভিড় বাড়ার আগেই ভোট দিতে অনেকেই সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েন। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাই ছিল দিনের অন্যতম প্রধান চাবিকাঠি।