Skip to content

চেপকে আজ মরিয়া চেন্নাই, Kolkata Knight Riders ম্যাচে নজর সবার,থালা ফিরবেন কি?

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংসকলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ একটাই—মহেন্দ্র সিং ধোনি কি আজ ফিরছেন? সাম্প্রতিক রিপোর্ট বলছে, ধোনির প্রত্যাবর্তন নিয়ে এখনও জোর জল্পনা থাকলেও তাঁর খেলা পুরোপুরি নিশ্চিত নয়। মৌসুমের শুরু থেকেই কাফ ইনজুরির কারণে ধোনি মাঠের বাইরে। প্রথম দুই সপ্তাহ তিনি চেন্নাইয়েই রিহ্যাবে ছিলেন। সমর্থকদের আশা ছিল ১৪ এপ্রিল, নববর্ষের দিনই ‘থালা’-র প্রত্যাবর্তন হবে। কিন্তু সিএসকে শিবিরের সাম্প্রতিক ইঙ্গিত বলছে, ধোনিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সোমবার চেপকে অনুশীলনে তাঁকে হালকা ব্যাটিং করতে দেখা গেলেও উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা যায়নি। ফুল-ইনটেনসিটি ড্রিলেও তিনি অংশ নেননি, যা তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন আরও বাড়িয়েছে।

তবে ধোনির অনুপস্থিতিতে সিএসকে যে তাঁর অভিজ্ঞতা ও গেম রিডিং ভীষণভাবে মিস করছে, তা স্পষ্ট। বিশেষ করে বোলারদের গাইড করা, ফিল্ড প্লেসমেন্ট এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত—এই সব জায়গায় ধোনির উপস্থিতি দলকে আলাদা আত্মবিশ্বাস দেয়। সেই কারণেই প্রাক্তন কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান পরামর্শ দিয়েছেন, ধোনি যদি পুরো ম্যাচের জন্য ফিট না-ও হন, তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো যেতে পারে। এতে কম দৌড়তে হবে, কিন্তু ব্যাট হাতে শেষ কয়েক ওভারে তাঁর ফিনিশিং ক্ষমতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসী সিএসকে। টানা হার কাটিয়ে তারা আবার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে সঞ্জু স্যামসনের দুরন্ত শতরান ব্যাটিং বিভাগে নতুন প্রাণ সঞ্চার করেছে। চেপকের পিচে এবার তারা ঐতিহ্যগত স্পিন নির্ভরতার পাশাপাশি পেস ও হার্ড লেংথেও ভরসা রাখছে।

অন্যদিকে, এই মরসুমে এখনও জয়ের মুখ না দেখা কেকেআর প্রবল চাপে। বড় রান তুলেও ম্যাচ শেষ করতে না পারা, ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব এবং বোলিংয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে কলকাতার শিবিরে উদ্বেগ বাড়ছে। ফলে আজকের ম্যাচ দুই দলের কাছেই কার্যত “টার্নিং পয়েন্ট”।চেন্নাইয়ের আবহাওয়াও ম্যাচে বড় ভূমিকা নিতে পারে। ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, সঙ্গে উচ্চ আর্দ্রতা এবং দ্বিতীয় ইনিংসে শিশির—সব মিলিয়ে টস জিতে চেজ করার সিদ্ধান্তই বেশি কার্যকর হতে পারে

Latest