Skip to content

আইএসআইয়ের মদতে ভারতে নাশকতার ছক! দিল্লি পুলিশের জালে ৭ সন্দেহভাজন জঙ্গি!

অভিজিৎ সাহা : পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতে বড়সড় নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তকারীদের দাবি, রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল এই চক্রের। ধৃতদের সঙ্গে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভট্টি ও আজমল গুজ্জরের যোগাযোগের তথ্যও মিলেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে দাবি, ধৃতরা দীর্ঘদিন ধরে আইএসআইয়ের মদতে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ, অস্ত্র ও মাদক পাচার এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে সক্রিয় ছিল। তদন্তে উঠে এসেছে, পাকিস্তান থেকে অস্ত্র, গোলাবারুদ ও হেরোইনের মতো মাদক প্রথমে পাঞ্জাব সীমান্ত দিয়ে দেশে ঢোকানো হত। পরে সেগুলি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া হতো।গোপন সূত্রে তথ্য পাওয়ার পর কয়েক সপ্তাহ ধরে নজরদারি চালায় গোয়েন্দারা। এরপর দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইস্টার্ন রেঞ্জ বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে।তদন্তকারীদের দাবি, বাজেয়াপ্ত ডিভাইসগুলিতে দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানের ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এই গ্রেপ্তারির পর রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রেলস্টেশন, বাস টার্মিনাল এবং জনবহুল এলাকাগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে।ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা সংস্থাগুলিও তদন্তে নেমেছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সীমান্ত পেরিয়ে কীভাবে অস্ত্র ও মাদক ভারতে প্রবেশ করছিল এবং নাশকতার পরিকল্পনা কতদূর এগিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী মহলের মতে, দেশের নিরাপত্তার স্বার্থে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

Latest