Skip to content

নারীর নিরাপত্তা ও সমাজ রক্ষার দাবিতে গুয়াহাটিতে সহস্রাধিক মানুষের সমাবেশ!

আসাম আহমেদ হুছেইন লস্কর : নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, পর্নোগ্রাফির বিস্তার এবং মাদকদ্রব্যের প্রসার রোধের দাবিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত হলো এক বৃহৎ গণ-অভিবর্তন। অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংসদ (AIMSS)-এর আসাম রাজ্য কমিটির উদ্যোগে মঙ্গলবার গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক নারী-পুরুষ এবং বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অভিবর্তনের সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভানেত্রী ড. চিত্রলেখা দাস। সমাজে নারী নির্যাতন, অশ্লীলতার প্রসার এবং যুবসমাজের মধ্যে মাদকের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও রূপকোঁয়ার জ্যোতি প্রসাদ আগরওয়ালের কন্যা জ্ঞানশ্রী পাঠক, মনোরোগ বিশেষজ্ঞ ড. দ্বিপেশ ভগবতী, AIMSS-এর প্রাক্তন রাজ্য সভানেত্রী অধ্যাপক চন্দ্রলেখা দাস, শিক্ষাবিদ ইনা হোসেন এবং বিশিষ্ট সাহিত্যিক শিবানন্দ কাকতি। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও, সমাজকর্মী মীনাক্ষী ভূঁইয়া একটি শুভেচ্ছা বার্তা পাঠান, যা সভামঞ্চ থেকে পাঠ করে শোনান ড. চিত্রলেখা দাস।নগাঁও সঙ্গীত গোষ্ঠীর পরিবেশিত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অভিবর্তনে নারীর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় রোধ সংক্রান্ত মূল প্রস্তাবের পাশাপাশি আসাম সরকারের প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড (অভিন্ন দেওয়ানি বিধি) সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।বক্তারা বলেন, সুস্থ সমাজ গঠনের স্বার্থে নারী নির্যাতন, পর্নোগ্রাফি এবং মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক স্তরে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এই লক্ষ্যে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

Latest