Skip to content

দিল্লিতে অনশনরত সোনম ওয়াংচুক হাসপাতালে, তবুও স্যালাইন ও ওষুধ নিতে নারাজ!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ২০ দিনের অনশনের জেরে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা। শনিবার সকালে তাঁকে দিল্লির যন্তর-মন্তর থেকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হলেও, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও স্যালাইন, ওআরএস কিংবা কোনও ধরনের ওষুধ গ্রহণ করতেও রাজি হননি তিনি। গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসেছেন ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে ইতিমধ্যেই তাঁর প্রায় ৯ কেজি ওজন কমেছে। চিকিৎসকদের আশঙ্কা, এভাবে অনশন চলতে থাকলে কিডনি বিকল হওয়া-সহ একাধিক অঙ্গ বিকল হওয়ার (মাল্টি অর্গান ফেলিওর) ঝুঁকি তৈরি হতে পারে। শনিবার দুপুরে সফদরজং হাসপাতালের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভর্তি হওয়ার সময় ওয়াংচুক সচেতন ছিলেন। তাঁর রক্তচাপ, নাড়ির গতি এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকলেও শরীরে জলের মারাত্মক ঘাটতি (ডিহাইড্রেশন) ধরা পড়েছে। হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন এবং চিকিৎসা গ্রহণে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখযোগ্যভাবে, দিল্লি হাইকোর্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে সোনম ওয়াংচুকের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখারও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই দিল্লি পুলিশ তাঁকে যন্তর-মন্তর থেকে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছে।

Latest