টলি ক্লাবে প্রকাশিত হল ডাঃ বাণী কুমার মিত্রের ‘উড়ন্ত ইউটেরাস’, নারীস্বাস্থ্য নিয়ে নতুন ভাবনার দিশা!
নিজস্ব সংবাদদাতা : গুরু পূর্ণিমার শুভক্ষণে টলি ক্লাবে অনুষ্ঠিত হল বিশিষ্ট প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব (Infertility & IVF) বিশেষজ্ঞ এবং লেখক ডাঃ বাণী কুমার মিত্র-র নতুন বই ‘উড়ন্ত ইউটেরাস’-এর প্রকাশ অনুষ্ঠান। দীপ প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থের উদ্বোধন উপলক্ষে সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা লাভ করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়-এর সঙ্গে ডাঃ বাণী কুমার মিত্রের প্রাণবন্ত ও মননশীল আলাপচারিতা।

প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খান, কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, প্রখ্যাত অভিনেত্রী গার্গী রায়চৌধুরী,ডাঃ কঙ্কন দাস মিত্র-সহ সাহিত্য, সংস্কৃতি ও চিকিৎসা জগতের বহু বিশিষ্ট ব্যক্তি। নারীস্বাস্থ্য, মাতৃত্ব, বন্ধ্যাত্ব, আধুনিক প্রজনন চিকিৎসা, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের আলোচনা উপস্থিত দর্শকদের গভীরভাবে ভাবতে বাধ্য করে।

‘উড়ন্ত ইউটেরাস’ শুধুমাত্র IVF বা বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে লেখা একটি বই নয়। প্রাচীন চিকিৎসাশাস্ত্রে প্রচলিত ‘ভ্রাম্যমাণ জরায়ু’ (Wandering Uterus) ও হিস্টিরিয়া-র ধারণার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে আধুনিক Reproductive Medicine, Infertility, IVF-এর বৈজ্ঞানিক বাস্তবতা, নারীশরীরকে ঘিরে সমাজের কুসংস্কার, পারিবারিক চাপ, মানসিক যন্ত্রণা এবং দীর্ঘদিনের ভুল ধারণাকে সহজ ও তথ্যভিত্তিক ভাষায় তুলে ধরা হয়েছে এই বইয়ে।ডাঃ বাণী কুমার মিত্রের চিকিৎসা-অভিজ্ঞতা এবং দেবারতি মুখোপাধ্যায়ের সাহিত্যিক সংবেদনশীলতার মেলবন্ধনে বইটি হয়ে উঠেছে নারীস্বাস্থ্য, বিজ্ঞান ও সমাজকে ঘিরে এক গভীর, মানবিক এবং সময়োপযোগী কথোপকথনের দলিল।

উপস্থিত বিশিষ্টজনদের মতে, এই বই চিকিৎসক, শিক্ষার্থী, গবেষক থেকে শুরু করে সাধারণ পাঠক—সকলের জন্যই সমানভাবে প্রাসঙ্গিক ও শিক্ষণীয়।ডাঃ বাণী কুমার মিত্র কলকাতার একজন সুপরিচিত প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব (Infertility & IVF) বিশেষজ্ঞ। তিনি সারসুনা ও বেহালা অঞ্চলের আভা সার্জি সেন্টার-এর প্রধান কনসালট্যান্ট হিসেবে দীর্ঘদিন ধরে প্রজনন স্বাস্থ্য ও আইভিএফ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায় আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত। বাংলা সাহিত্যজগতের প্রথম লেখক হিসেবে TED Talks-এ বক্তব্য রাখার আমন্ত্রণ পাওয়ার কৃতিত্বও তাঁর ঝুলিতে রয়েছে।সাহিত্য ও চিকিৎসাবিজ্ঞানের এক অনন্য সংলাপের সাক্ষী থাকল এই প্রকাশ অনুষ্ঠান। ‘উড়ন্ত ইউটেরাস’ শুধু একটি বই নয়, বরং নারীস্বাস্থ্য, বৈজ্ঞানিক সচেতনতা এবং সামাজিক মানসিকতার পরিবর্তনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা পাঠকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।