অভিজিৎ সাহা:অপেক্ষার অবসান হতে চলেছে ইপিএফ (Employees' Provident Fund) গ্রাহকদের জন্য। এবার ইউপিআই (UPI) এবং এটিএমের মাধ্যমে সরাসরি পিএফের সঞ্চিত টাকা তুলতে পারবেন সদস্যরা। মঙ্গলবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, ইউপিআই পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত পরীক্ষামূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে শীঘ্রই কয়েক সেকেন্ডের মধ্যেই ইপিএফ অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা সম্ভব হবে।বর্তমানে পিএফের টাকা তুলতে অনলাইন আবেদন, যাচাই-বাছাই এবং বিভিন্ন প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হয়। অনেক সময় আবেদন বাতিল হওয়ার ঘটনাও ঘটে। এই জটিলতা দূর করতেই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় ইপিএফ ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।নতুন ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের মোট সঞ্চিত পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআই-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তুলতে পারবেন। অবশিষ্ট ২৫ শতাংশ অবসরকালীন সঞ্চয় হিসেবে অ্যাকাউন্টে থেকে যাবে এবং সেই টাকার উপর আগের মতোই সুদ মিলবে।সূত্রের খবর, ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই অ্যাকাউন্ট সংযুক্ত করা যাবে। এরপর উমঙ্গ অ্যাপ বা ইপিএফের পোর্টালে ইউএএন (UAN) নম্বর ব্যবহার করে লগ-ইন করে টাকা তোলার আবেদন জানানো যাবে। আবেদন অনুমোদিত হলেই কয়েক সেকেন্ডের মধ্যে সেই টাকা গ্রাহকের ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।চাকরি পরিবর্তন, চিকিৎসা, শিক্ষা কিংবা জরুরি আর্থিক প্রয়োজনে দ্রুত অর্থ পাওয়ার ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা লক্ষ লক্ষ ইপিএফ সদস্যের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
কয়েক সেকেন্ডেই ইপিএফের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে! ইউপিআই ও এটিএমে টাকা তোলার সুবিধা আনছে কেন্দ্র!