নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ Pappu Yadav। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে রাজনৈতিক মহল, শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাপ্পু যাদব দাবি করেন, “নেতাদের বেডরুমে শুরু হয় মহিলাদের রাজনৈতিক কেরিয়ার। তা না হলে রাজনীতিতে টিকে থাকা কঠিন।” এখানেই থেমে থাকেননি তিনি। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বলতে গিয়ে অধিকাংশ পুরুষ রাজনীতিবিদকে ‘শকুন’ বলেও কটাক্ষ করেন তিনি।পাপ্পুর আরও অভিযোগ, রাজনীতির অন্দরেই মহিলাদের উপর শোষণ একপ্রকার ‘সংস্কৃতি’ হয়ে উঠেছে। তাঁর কথায়, “গার্হস্থ্য হিংসা কারা করেন? মহিলাদের দিকে কুনজর কারা দেন? আমেরিকা থেকে ভারত—সব জায়গাতেই এই কাজ রাজনীতিবিদরাই করেন।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে Bharatiya Janata Party। দলের মুখপাত্র Shehzad Poonawalla বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয়, নারীবিদ্বেষী এবং অশালীন মন্তব্য। এই বক্তব্য বিরোধী শিবিরের মানসিকতার পরিচয় দেয়।” একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নারী অধিকার নিয়ে সরব Priyanka Gandhi কেন এই বিষয়ে নীরব। পাশাপাশি Rahul Gandhi-র সঙ্গে পাপ্পু যাদবের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেন তিনি।বিজেপি নেত্রী Charu Pragya-ও তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর মতে, “এই মন্তব্য পাপ্পু যাদবের মানসিকতার প্রতিফলন। এমন ব্যক্তি কীভাবে বারবার সাংসদ নির্বাচিত হন, সেটাই দুঃখজনক।” তিনি পাপ্পুকে সংসদ থেকে বহিষ্কারের দাবি জানান এবং ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন।বিতর্ক বাড়তেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে Bihar State Women Commission। ইতিমধ্যেই পাপ্পু যাদবকে নোটিস পাঠানো হয়েছে কমিশনের তরফে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। পাপ্পু যাদব তাঁর মন্তব্যে অনড় থাকবেন, নাকি চাপের মুখে সুর বদলাবেন—সেদিকেই এখন নজর সবার।
“মহিলাদের রাজনৈতিক কেরিয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য! পাপ্পু যাদবকে ঘিরে তীব্র বিতর্ক”