Skip to content

২ বছর পর ভোটকেন্দ্রে মুখোমুখি! পালানো স্ত্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়লেন স্বামী

প্রতীকী ছবি। 

নিজস্ব সংবাদদাতা : রেকর্ড ভোটের উন্মাদনার মাঝেই নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া। West Bengal Assembly Election 2026-এর প্রথম দফায় যখন ৯০ শতাংশের বেশি ভোট পড়ে ইতিহাস গড়েছে রাজ্য, ঠিক তখনই এক ভোটকেন্দ্রে স্বামী-স্ত্রীর বিবাদ পৌঁছে গেল হাতাহাতির পর্যায়ে। পরিস্থিতি এমন জায়গায় গড়ায় যে প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয় ভোটগ্রহণ। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভার অন্তর্গত ফাঁসিদেওয়ার তারাবাড়ি এলাকার ২৫/২৩৮ নম্বর বুথে। সকাল থেকেই ওই বুথে ভোটারদের দীর্ঘ লাইন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ—সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎই সেই পরিবেশ বদলে যায় এক অদ্ভুত ব্যক্তিগত ঘটনার জেরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি সকালেই নিজের ভোট দিয়ে বুথের বাইরে অপেক্ষা করতে থাকেন। পরে জানা যায়, তিনি অপেক্ষা করছিলেন তাঁর স্ত্রীর জন্য—যিনি দু’বছর আগে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গিয়েছিলেন। দুপুর প্রায় ২টো নাগাদ ওই মহিলা ভোট দিতে বুথে পৌঁছন। আর তখনই আচমকা উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, ওই ব্যক্তি স্ত্রীর হাত থেকে ভোটার কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং দাবি করেন, “কার্ডে এখনও স্বামীর জায়গায় আমার নাম রয়েছে। নাম পরিবর্তন না করলে ভোট দিতে দেব না।” এই নিয়ে শুরু হয় তীব্র বচসা, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান লাইনে দাঁড়ানো অন্যান্য ভোটাররা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। শেষ পর্যন্ত Central Reserve Police Force-এর জওয়ানরা মহিলাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে বুথ এলাকা থেকে সরিয়ে দেন। এই অপ্রত্যাশিত ঘটনার জেরে প্রায় ২০ মিনিট বন্ধ থাকে ভোটগ্রহণ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শুরু হয় ভোট। সংশ্লিষ্ট এক পোলিং অফিসারের কথায়, “২৬ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আগে কখনও দেখিনি।”

Latest