জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধর: হোম থেকে শর্তসাপেক্ষে জামিন ৪ পড়ুয়ার
নিজস্ব সংবাদদাতা:জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় আটক চার পড়ুয়াকে দু’দিন হোমে রাখার পর সোমবার শর্তসাপেক্ষে জামিন দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। বোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী দিন থেকেই শুরু হবে তাদের ধারাবাহিক কাউন্সেলিং।গত শনিবার চার পড়ুয়াকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করেছিল পুলিশ। শুনানির পর বোর্ড তাদের দু’দিনের জন্য হোমে রাখার নির্দেশ দেয়। সেই মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের চার পড়ুয়াকে বোর্ডের সামনে হাজির করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে বিচারক দেবারতি রায় শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন জুভেনাইল জাস্টিস বোর্ডের সরকারি আইনজীবী শান্তা চট্টোপাধ্যায়।সরকারি আইনজীবী জানান, বোর্ডের নির্দেশ অনুযায়ী চার পড়ুয়াকে আগামীকাল থেকে টানা সাত দিন জুভেনাইল জাস্টিস বোর্ডে এসে কাউন্সেলিং করতে হবে। এরপর পরবর্তী দু’মাস সপ্তাহে একদিন করে তাদের কাউন্সেলিংয়ে হাজির হতে হবে।ঘটনাকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। শান্তা চট্টোপাধ্যায়ের দাবি, শিক্ষামন্ত্রীর নির্দেশে ওই চার পড়ুয়াকে ইতিমধ্যেই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপর পুলিশ তাদের আটক করে হোমে পাঠায়।তবে প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগপত্রে ওই চার পড়ুয়ার নাম উল্লেখ করা হয়নি বলেও জানিয়েছেন সরকারি আইনজীবী। তাঁর বক্তব্য, অভিযোগে প্রধান শিক্ষক ‘অজ্ঞাত পরিচয়’ এবং ‘বহিরাগত’দের বিরুদ্ধে হামলার কথা উল্লেখ করেছেন। এই বিষয়টিও সোমবার শুনানির সময় বিচারকের সামনে তুলে ধরা হয়।এরপর বিচারক চার পড়ুয়ার সঙ্গে কথা বলেন এবং সমস্ত দিক বিবেচনা করেই শর্তসাপেক্ষে জামিনের সিদ্ধান্ত নেন। এখন নির্ধারিত সময় অনুযায়ী কাউন্সেলিংয়ে হাজিরা দেওয়াই চার পড়ুয়ার অন্যতম প্রধান শর্ত।