Skip to content

মণিপুরে নতুন করে হিংসার আগুন, দম্পতি-সহ ৩ জনকে খুনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : ফের অশান্ত মণিপুর। রাজ্যের কাংপোকপি জেলার একটি কুকি অধ্যুষিত গ্রামে বন্দুকবাজদের হামলায় এক দম্পতি-সহ তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে লোইবোল খুল্লেন গ্রামে ঢুকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এলোপাথাড়ি হামলা চালায়। পরে লেটখনগাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী তিনমারি হাওকিপ (৩০) এবং জঙ্গমিনলান হাওকিপের (৩৪) দেহ উদ্ধার করা হয়। হামলাকারীরা সাতটি বাড়িতে আগুনও লাগিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনার জন্য নাগা সশস্ত্র গোষ্ঠীগুলিকে দায়ী করেছে কুকি সংগঠনগুলি। যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এই হামলার তীব্র নিন্দা করেছেন স্থানীয় নির্দল বিধায়ক হাওখোলেট কিপজেন। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কাংপোকপি জেলায় কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এর আগেও অপহরণ, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের একাধিক ঘটনা সামনে এসেছে।

Latest