মেদিনীপুর 22° 🌧️ · AQI 178 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

থানায় আগুন, পুলিশের গাড়িতে হামলা, বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ—শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক সংঘাতের জেরে অশান্ত বাংলাদেশ

থানায় আগুন, পুলিশের গাড়িতে হামলা, বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ—শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক সংঘাতের জেরে অশান্ত বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে হিংসা ও বিক্ষোভ। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। হাসিনার নিজের শহর গোপালগঞ্জে সংঘর্ষ, থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা চরমে। শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের অন্তত 15টি জেলায় হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামি লিগের সমর্থকদের বিরুদ্ধে। থানায় আগুন লাগানোর পাশাপাশি পুলিশ চৌকি ও পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। এমনকি গোপালগঞ্জ-3 আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। এরই মধ্যে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনাও সামনে এসেছে।মঙ্গলবার থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়েছে। গোপালগঞ্জের পাশাপাশি ফরিদপুরেও হাসিনার সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ ভয়াবহ আকার নেয়। ওই সংঘর্ষে বিএনপির কৃষক শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় নেতা রাজু মোল্লার মৃত্যু হয়েছে বলে খবর। দলীয় কার্যালয় এবং একাধিক মোটরবাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়।এ ছাড়াও নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুরে নাশকতা ও হিংসাত্মক ঘটনার খবর মিলেছে।বিক্ষোভের আঁচ থেকে বাদ যায়নি রাজধানী ঢাকাও। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত 8টা 45 মিনিট থেকে 11টা 15 মিনিটের মধ্যে তেজগাঁও ও মীরপুর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

শহরের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।পরিস্থিতি মোকাবিলায় বিক্ষোভকারীদের কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, ভিডিয়ো ফুটেজ, অডিয়ো রেকর্ডিং এবং ছবির সাহায্যে থানায় ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, টুঙ্গিপাড়া থানায় প্রায় 200 পুলিশকর্মী মোতায়েন রয়েছেন।

তবে প্রাণহানি এড়াতে পুলিশকে পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় এক সাংবাদিকের দাবি, টুঙ্গিপাড়া থানায় আটক 30 জন সন্দেহভাজন আওয়ামি সমর্থককে পরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।এদিকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সামা ওবাইদ ইসলাম বর্তমানে ফরিদপুরে রয়েছেন। তাঁর অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামি লিগ দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে, নিষিদ্ধ আওয়ামি লিগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে ডিসেম্বরজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।সব মিলিয়ে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ। প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং নতুন করে হিংসা ছড়ানো আটকানো।