Skip to content

দক্ষিণে মহা রাজনৈতিক নাটক! ডিএমকে-এআইএডিএমকে জোটের ইঙ্গিত, বিস্ফোরক বার্তা বিজয়ের

নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্কে নাটকীয় মোড়। একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও এখনও সরকার গঠন করতে পারেনি অভিনেতা-রাজনীতিক বিজয়-র দল টিভিকে। রাজ্যপাল আর ভি আরলেকর এখনও পর্যন্ত বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ না জানানোয় রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে। এর মধ্যেই জোর জল্পনা, সরকার গড়তে হাত মেলাতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং এআইএডিএমকে। আর সেই সম্ভাবনার বিরুদ্ধেই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন বিজয়—প্রয়োজনে টিভিকে-র ১০৭ জন বিধায়ক একযোগে ইস্তফা দেবেন!এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে চমক দেখিয়ে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে এখনও ১০ আসন দূরে বিজয়ের দল। পরে ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থন জানানোয় টিভিকে-র শক্তি বেড়ে দাঁড়ায় ১১৩-এ। তবুও সরকার গঠনের জন্য প্রয়োজন আরও ৫ বিধায়কের সমর্থন।সূত্রের খবর, ইতিমধ্যেই সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে টিভিকে নেতৃত্ব। তবে এখনও পর্যন্ত কোনও দল আনুষ্ঠানিকভাবে সমর্থনের চিঠি দেয়নি। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে।এরই মাঝে নতুন করে শোরগোল ফেলেছে ডিএমকে ও এআইএডিএমকে-র সম্ভাব্য জোটের গুঞ্জন। রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতা হাতছাড়া এড়াতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলও এক মঞ্চে আসতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বিজয় স্পষ্ট বার্তা দিয়েছেন, “জনতার রায়কে অসম্মান করা হলে টিভিকে-র সব বিধায়ক ইস্তফা দিতে প্রস্তুত।” উল্লেখ্য, টিভিকে মোট ১০৮টি আসনে জয় পেলেও বিজয় নিজে দুটি কেন্দ্র থেকে জয়ী হওয়ায় কার্যত দলের বিধায়ক সংখ্যা এখন ১০৭।অন্যদিকে, দ্রুত সরকার গঠনের ডাক না এলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে টিভিকে। দলের অভিযোগ, রাজ্যপালের অবস্থান সংবিধান বিরোধী। এই ইস্যুতে বিজয়ের পাশে দাঁড়িয়েছে কংগ্রেসও। রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হাত শিবির।সবচেয়ে তাৎপর্যপূর্ণ, রাজ্যপালের ভূমিকাকে প্রকাশ্যে সমালোচনা করেছে ডিএমকে-ও। দলের এক নেতা বলেন, “রাজ্যপাল যা করছেন তা সংবিধান ও তামিল অস্মিতার বিরোধী।” তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতার সমীকরণ বদলাতে শুরু করতেই তামিলনাড়ুর রাজনীতি এখন প্রবল অনিশ্চয়তার মুখে।

Latest