Skip to content

জলজট থেকে উন্নত পরিকাঠামো— পুরসভা ঘোষণায় নতুন স্বপ্ন বাগনানের!

নিজস্ব সংবাদদাতা : বাগনান এখন পুরসভা, উন্নয়নের নতুন দিগন্তের আশায় এলাকাবাসী!হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বাগনানকে পুরসভা হিসেবে ঘোষণার পর এলাকাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের দাবির পর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, পুরসভার মর্যাদা পাওয়ার ফলে নাগরিক পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের একাধিক সমস্যা সমাধানের পথও প্রশস্ত হবে।বাগনান শুধু দক্ষিণ-পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনই নয়, এটি জেলার অন্যতম ব্যস্ত যোগাযোগ কেন্দ্রও। বাগনান বাসস্ট্যান্ড থেকে শ্যামপুর হয়ে পূর্ব মেদিনীপুর, কুলিয়া রুট হয়ে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি-সহ একাধিক জেলার সঙ্গে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হয়। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ও সাধারণ মানুষের ভিড়ে ব্যস্ত থাকে গোটা এলাকা।

এছাড়াও বাগনানে রয়েছে একাধিক সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র এবং বিভিন্ন নাগরিক পরিষেবা। ক্রমবর্ধমান জনসংখ্যা ও শহরায়নের সঙ্গে তাল মিলিয়ে বহুদিন ধরেই বাগনানকে পুরসভা ঘোষণার দাবি উঠছিল।স্থানীয়দের দাবি, আগের সরকার আমলেও বাগনানকে পুরসভা করার পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার রাজ্য বাজেটে বাগনানকে পুরসভা হিসেবে ঘোষণার পর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।স্থানীয় বাসিন্দাদের মতে, বাগনানের অন্যতম বড় সমস্যা জলনিকাশি ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। পুরসভা গঠনের পর আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, উন্নত রাস্তা, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক পরিষেবার আরও উন্নয়ন হবে বলে আশা করছেন এলাকার মানুষ।বাগনানবাসীর বিশ্বাস, পুরসভার স্বীকৃতি শহরের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে এবং ভবিষ্যতে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে বাগনানের বিকাশ আরও দ্রুত হবে।

Latest