Skip to content

‘ভারত এখন মাওবাদমুক্ত’, বস্তারে উন্নয়নের নতুন মডেল ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর !

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা : একসময় ভারতের মাওবাদী কার্যকলাপের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ছত্তিশগড়ের বস্তার। গুলি, বিস্ফোরণ আর রক্তপাত ছিল নিত্যদিনের ছবি। তবে সময় বদলেছে। সোমবার সেই বস্তার থেকেই দেশকে ‘মাওবাদমুক্ত’ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। ছত্তিশগড়ের নেতানারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “আজ আপনারা গর্ব করে বলতে পারেন, ভারত এখন মাওবাদমুক্ত।” তিনি জানান, কেন্দ্র সরকারের লক্ষ্য এখন শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং বস্তারের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে সব নিরাপত্তা শিবির একসময় মাওবাদ দমনে ব্যবহৃত হত, সেগুলিকেই এবার জনসেবা কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় ৭০টি ক্যাম্পকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই কেন্দ্রগুলিতে স্থানীয় মানুষ শিক্ষা, সরকারি পরিষেবা, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন নকশাল সমস্যার কারণে বস্তার উন্নয়নের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন ছিল। তবে এখন দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। নতুন রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এলাকায়। প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বে দেশ থেকে নকশালবাদ নির্মূলের লক্ষ্যে নেওয়া পদক্ষেপ সফল হয়েছে বলেও দাবি করেন শাহ। পাশাপাশি ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’-এর ভূমিকাও উল্লেখ করেন তিনি। একদা আতঙ্কের নাম বস্তার এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে উন্নয়ন ও শান্তির প্রতীকে— এমনই বার্তা দিল কেন্দ্র।

Latest