নেপালের পাশে ভারত, হড়পা বানে বিপর্যস্ত এলাকায় পাঠানো হল ১০ টন ত্রাণ!

নেপালের পাশে ভারত, হড়পা বানে বিপর্যস্ত এলাকায় পাঠানো হল ১০ টন ত্রাণ!

নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়াল ভারত। বন্যা-কবলিত মানুষের জন্য ভারত থেকে ১০ টন ত্রাণসামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি এই তথ্য জানান।বিদেশমন্ত্রী লেখেন, এই বিপর্যয়ে শোকাহত পরিবারগুলির প্রতি এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি ভারত সমবেদনা জানাচ্ছে।

কঠিন এই সময়ে নেপালের জনগণের পাশে ভারত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।ভারতের পাঠানো ‘C-130J’ বিমানে করে প্রায় ১০ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। ত্রাণের মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরির সামগ্রী, কম্বল, হাইজিন কিট, সোলার ল্যাম্প এবং জরুরি ওষুধ-সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ। বিপর্যস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেই এই সামগ্রী পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, তিব্বত সীমান্ত থেকে নেমে আসা প্রবল জলস্রোতে নেপালের রাসুয়া সীমান্তবর্তী এলাকা কার্যত তছনছ হয়ে গিয়েছে। হড়পা বানের ভয়াবহতার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, মুহূর্তের মধ্যে প্রবল জলের স্রোতে ভেসে যাচ্ছে রাস্তা, সেতু এবং আশপাশের বিভিন্ন নির্মাণ। চোখের সামনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বিস্তীর্ণ এলাকা।এই পরিস্থিতিতে কৈলাস মানস সরোবর যাত্রায় থাকা পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে।

হড়পা বানের পর বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম ও বিপজ্জনক পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানেও নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানা গিয়েছে।প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই পাহাড়ি এলাকা দিয়ে বিশাল জলরাশি নেমে আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই সেই স্রোত গ্রাস করছে আশপাশের এলাকা। ভয়াবহ এই দৃশ্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।নেপালের বিপর্যস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও উদ্ধারকারী দল। একইসঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও।